যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নিজস্ব বাহনে এক মৃত শিশুর মরদেহ নিতে বাধা দেওয়ার অভিযোগে বেসরকারি অ্যাম্বুলেন্সের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক দু’জন হলেন যশোর শহরের ঘোপ এলাকার আবু সায়েদ মিঠু ও কামাল হোসেন।
জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত আয়াত খাতুন (৭) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আনার পরপরই মারা যায়। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো আনসার আলী তাকে মৃত ঘোষণা করেন।
আয়াত ঢাকার বাসাবো এলাকার রেডমিস্ত্রি আলাউদ্দিনের মেয়ে। তার নানার বাড়ি চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামে। শিশুটির বাবা-মা আলাউদ্দিন ও সিমা খাতুন মরদেহটি দাফনের জন্য নিজস্ব বাহনে করে মির্জাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে রাখা ছিল।
অভিযোগ রয়েছে,সেখানে অবস্থানরত কয়েকজন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক ও কর্মী তাদের নিজস্ব বাহনে মরদেহ নিতে বাধা দেন এবং বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য চাপ সৃষ্টি করেন। বিষয়টি জানতে চাইলে হাসপাতাল এলাকায় দায়িত্বে থাকা ডিএসবি পুলিশের সদস্য সুজন হোসেনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে আরও কয়েকজন অ্যাম্বুলেন্সচালক সেখানে জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাধা দেওয়ার অভিযোগে আবু সায়েদ মিঠু ও কামাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সচালকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে,কোনো রোগী বা মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে স্বজনদের নিজস্ব যানবাহন ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয় এবং অনেক সময় বাধার মুখেও পড়তে হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। গত ১২ মে জেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি আলোচনা হলেও হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ ও অনিয়মের অভিযোগ অব্যাহত রয়েছে।
সর্বশেষ এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপ ও দুই ব্যক্তির আটকের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply