যশোরে পৃথক দুটি ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) বেনাপোল ও ঝিকরগাছা উপজেলায় এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনায়, বেনাপোল উপজেলার কাগমারি গ্রামের রনি (২৬) সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি মৃত বাবর আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে শার্শার উদ্দেশ্যে রওনা হন রনি।
বেনাপোল পৌর গেটের পাশে স্কেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের মতে,তার অবস্থা আশঙ্কামুক্ত।
অপর ঘটনায়, ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলায় বিষ্ণু ঘোষ (৫০) ও তার স্ত্রী ববিতা (৩২) আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ, একই গ্রামের লতা (৪৫) ও আশানুর (২৫) বাঁশ দিয়ে তাদের মারধর করেন। ভুক্তভোগীদের দাবি, সংখ্যালঘু হওয়ার কারণে তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলার ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply