লাথি, চড়, কিল, ঘুসি, গলাধাক্কা কিছুই যেন বাদ দেন না তিনি। অথচ তিনি কোনো সন্ত্রাসী বা মাস্তান নন, একজন শিক্ষক। অভিযোগ উঠেছে, যশোর সদর উপজেলার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, তার হাতে ইতোমধ্যে ৬-৭ জন ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। একাধিক ঘটনায় তদন্তে দোষী প্রমাণিত হয়ে শাস্তিও পেয়েছেন তিনি। তবুও তার বিরুদ্ধে মারধর ও অসদাচরণের অভিযোগ থামছে না।
সর্বশেষ গত ১৮ মে বিদ্যালয়ের অভিভাবকদের সামনেই এক সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে। একজন নারী শিক্ষকের গায়ে হাত তোলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা ২০ মে সদর উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিস,খুলনা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেও পাঠানো হয়।
অভিযোগ দায়েরের এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
উপজেলা শিক্ষা অফিস একটি তদন্ত কমিটি গঠন করলেও তদন্ত কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, কী কারণে বারবার অভিযোগের পরও পার পেয়ে যাচ্ছেন আব্দুল জব্বার?
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে যশোর জেলা হিসাবরক্ষণ অফিসে প্রধান শিক্ষক আতিকুর রহমানকে লাঞ্ছিত করেন আব্দুল জব্বার। একই বছর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রধান শিক্ষক আজিজুর রহমানকে অপদস্থ করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
একই বছরে দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
ফাতেমা তুজ জোহরাকে মারধরের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করলেও রাজনৈতিক প্রভাবের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী রেক্সোনাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আব্দুল জব্বারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কাজ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি রেক্সোনার চেয়ারে লাথি মারেন। উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের সামনেই এ ঘটনা ঘটে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার দুটি ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়।মারধরের পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের অভিযোগও রয়েছে প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে। ২০২১ সালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সরোয়ার হোসাইনের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীর মায়ের নাম পরিবর্তন করে নিজের স্ত্রীর নাম যুক্ত করে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত শিক্ষক টাকা ফেরত দেন বলে জানা যায়।
এছাড়া বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও স্লিপের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ,
আওয়ামী লীগ সরকারের আমলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আব্দুল জব্বার। সে সময় তিনি প্রভাব খাটিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা করতেন না এবং বিভিন্ন সময়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।
তার আচরণে অনেকে ক্ষুব্ধ হলেও ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি বলে অভিযোগ রয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করে দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন,
ওই শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। শিশুদের দাঁড়িয়ে ক্লাস নেওয়ার নির্দেশনাও মানেন না। এসব বিষয় নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে।
শিক্ষিকার গায়ে হাত তোলার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “আপনি কি দেখেছেন? আমিও সাংবাদিক ছিলাম। আপনি কিসের সাংবাদিক, সেটা দেখব।
এ বিষয়ে বক্তব্য জানতে যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply