যশোরে এক যুবককে অপহরণ করে মারধর ও বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা ইউনুস আলী।
অভিযোগে বলা হয়েছে, গত ১৭ জুন ধর্মতলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে ইয়াসিন ইসলাম ওহি (১৬) নামে এক যুবককে জোরপূর্বক আটক করে একটি কক্ষে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি।
সেখানে তাকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় এবং একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার চেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে গেলে স্থানীয়দের সহায়তায় তিনি বাড়ি ফেরেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
লিখিত অভিযোগে খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার রড বাচ্চু, মেহেদী হাসান, জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তরসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী ইউনুস আলীর দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply