যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মাসুদুর রহমান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার পুড়োপাড়া বাজার এলাকার বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ি মোড়ে আসেন। রাত ১০টার দিকে যাত্রী নিয়ে পুনরায় চৌগাছার উদ্দেশ্যে রওনা দিলে পথে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিং এলাকায় একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে। পরে তাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ইজিবাইক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী মাহবুব হোসেন আদালতে মাসুদুর রহমানসহ দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৩ জুন কোতোয়ালি থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।
মামলার তদন্তকালে আসামি মাসুদুর রহমানের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২) তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ গত ২০ জুন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply