যশোরের কেশবপুরে নির্মাণাধীন সড়কের কাজকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে তিন শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে বাঘারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের হামলায় এক কৃষক আহত হয়েছেন। পৃথক এসব ঘটনায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল হালিমের মিলের সামনে নির্মাণাধীন সড়কের কাজ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আব্দুল হালিমের বাড়ির সামনে থেকে পাঁজিয়ার দিকে প্রায় আধা কিলোমিটার সড়কের ঢালাই কাজ চলছিল।
এ সময় রাস্তার প্রশস্তকরণ নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল হালিম আপত্তি জানালে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মতিয়ার রহমান (৪৮) ও সোহান (১৮) এবং তাহেরপুর গ্রামের কাজী বিল্লাল (৪৫) আহত হন।
পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। এ ঘটনায় আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, শিমুল হোসেন ও জাহিদ হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কেশবপুর থানা পুলিশ জানিয়েছে,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে শনিবার (২০ জুন) সকালে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের গরিবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৪৮) নামে এক কৃষক আহত হন। তিনি গরিবপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, নিজেদের ধানের জমিতে শাহাবুদ্দিনের সঙ্গে তার মেজ ভাই শাহাজানের (৪০) কথা কাটাকাটির একপর্যায়ে শাহাজান স্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে তার মাথায় আঘাত করেন।
এতে শাহাবুদ্দিনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

Leave a Reply