মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আগামী ১০ দিনের মধ্যে শতভাগ বই বিতরণ করা হবে। পৃথিবীতে কোনো দেশ নেই বিনা পয়সায় এক যুগে বই প্রদান করে। শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীই বিনামূল্যে কোমলমতি শিশুদের হাতে একযুগ ধরে বই দিয়ে আসছেন। ’
রবিবার (০১ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘বহির্বিশ্বে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। এমনকি সারা বিশ্বের মতো, বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। সেই জন্য মানুষকে আগাম প্রস্তুত থাকার জন্য উপদেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ’
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান প্রমুখ।
পরে উপজেলা বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেন দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
Leave a Reply