যশোরের বাঘারপাড়ায় এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। উপজেলায় মোট ৯১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে ৪টি এবং উপজেলা জুড়ে আরও ৮৭টি মণ্ডপ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় সরকার জানান, “এখন পর্যন্ত আমাদের তালিকায় ৯১টি মণ্ডপ রয়েছে। তবে আরও দুই-তিনটি মণ্ডপ যোগ হওয়ার সম্ভাবনা আছে। কয়েকটি জায়গা থেকে পূজার আয়োজনের কথা মোবাইল ফোনে জানানো হয়েছে।”
কোথাও কোনো সমস্যা বা অঘটন ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বরং মনে হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।”
এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সভন সরকার বলেন, “৯১টি মণ্ডপের তথ্য আমাদের কাছে আছে। তবে কোথাও কোনো দুর্ঘটনার সংবাদ এখনো আসেনি।”
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এবারও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে।

Leave a Reply