যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র ভিটাবল্যা বাজারে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক বটগাছ। বয়স প্রায় তিন শত বছর। বাজারের ইতিহাস, মানুষের স্মৃতি আর প্রজন্মের উত্তরাধিকার বহন করে আসা এই বিশাল বৃক্ষটি আজ হুমকির মুখে। কেউ চাইছে গাছটিকে টিকিয়ে রাখতে, আবার কেউ চাইছে কেটে ফেলতে।
স্থানীয়দের মতে, এই বটগাছ কেবল একটি বৃক্ষ নয়, বরং এ অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। চিরদিন ধরে পথচারীদের ছায়া দিয়ে আসা গাছটির নিচেই বিশ্রাম নিয়েছেন দেশের বরেণ্য রাজনৈতিক নেতারা—প্রয়াত মন্ত্রী মো. তরিকুল ইসলাম, এ এস এইচ কে সাদেক, স্বপন ভট্টাচার্য ও এম নাজিম উদ্দীন আল আজাদসহ অনেকে। এলাকার মানুষের স্মৃতিতে তাই এ গাছটির স্থান বিশেষ মর্যাদাপূর্ণ।
তবে বাজারের একশ্রেণীর অসাধু মহল বলছে, বটগাছটি নষ্ট করে দিলে বাজারের জায়গা ফাঁকা হবে এবং বাজারের সৌন্দর্য বাড়বে। অন্যদিকে সাধারণ মানুষ ও এলাকার সুশীল সমাজ দৃঢ়ভাবে চাইছে গাছটিকে বাঁচিয়ে রাখতে। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলছেন, এই গাছ শুধু ছায়াই দেয় না; অক্সিজেন সরবরাহ, পাখিদের আশ্রয়, এমনকি ক্ষুধার্ত হনুমানেরও অবলম্বন হয়ে দাঁড়ায়।
৮৫ বছর বয়সী ব্যবসায়ী মো. সিরাজ মোল্লা, যিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে গাছটির ছায়াতলে ব্যবসা করছেন, আবেগঘন কণ্ঠে বলেন—
“পঞ্চাশ বছর ধরে এ গাছ আমাকে ছাতার মতো ছায়া দিয়ে আসছে। যেভাবেই হোক আমি চাই এই গাছটা বেঁচে থাকুক। রক্ষায় আমার পক্ষ থেকে কোনো চেষ্টার কমতি হবে না।”
স্থানীয়রা বলছেন, গাছটির গোড়ার পাশে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও সেগুলো গাছের মূল ক্ষতিগ্রস্ত করছে। শিকড় কেটে দরজা বানানো কিংবা গোড়ায় চুলা বসানো—এসব কার্যকলাপ গাছটির আয়ু হ্রাস করছে। তাই গাছটিকে রক্ষার জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন।
সচেতন মহল প্রস্তাব দিয়েছে, গাছের গোড়ায় পাকা করে বসার বেঞ্চ তৈরি করা হোক। এতে বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা বিশ্রামের সুযোগ পাবেন, আর গাছও সুরক্ষিত থাকবে।
প্রবীণ স্থানীয়দের মতে, প্রয়াত আলহাজ্ব মুনছুর আলী শেখ একসময় বলেছিলেন, তার দাদার আমল থেকেই এই গাছটিকে তিনি একই রূপে দেখে এসেছেন। এ থেকেই ধারণা করা হয় গাছটির বয়স প্রায় তিন শত বছর।
বর্তমানে ভিটাবল্যা বাজারের প্রতিদিনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ঐতিহাসিক বটগাছ। কেউ এর অবসান চায়, কেউ চায় এর পুনর্জীবন। এখন প্রশ্ন হচ্ছে—
এই শতবর্ষী বটগাছটি কি টিকে থাকবে প্রজন্মের পর প্রজন্ম, নাকি উন্নয়নের দোহাই দিয়ে হারিয়ে যাবে ইতিহাসের সাক্ষী?
এ বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

Leave a Reply