যশোরের বসুন্দিয়ার গাইদগাছিতে মসজিদের মাইকে ডেকে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে মাসুদ রানা হত্যার মূল পরিকল্পনাকারী এখনও আড়ালে রয়েছে। এছাড়া আটক এড়িয়ে চলছে অভিযুক্তদের ৫ জন। কেনো এই হত্যাকান্ড এবং ডাকাত ঘোষণার পরিকল্পনাকারী কে বা কারা, তা পরিস্কার করতে এলাকায় জোরালো তদন্ত ও অভিযান দাবি করেছেন স্থানীয়রা এবং নিহতের পরিবার । পুলিশের কাছে এ হত্যাকান্ডের কারণ এখনও পরিস্কার নয়। ঘটনার পর অভিযুক্তদের অধিকাংশ গা ঢাকা দেয়ায় আটক করা সম্ভব হচ্ছে না বলেও দাবি বসুন্দিয়া ফাঁড়ি পুলিশের।
২৪ আগস্ট ভোররাতে গাইদগাছিতে মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে পিটিয়ে হত্যা করা হয় অভয়নগরের প্রেমবাগ কাটাখালি বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে মাসুদ রানাকে (৩৫)। ওই সময় পিটুনীতে গুরুতর আহত হন গাইদগাছী গ্রামের ইসমাইল আলীর ছেলে জুলফিক্কার আলী (৩০), মণিরামপুর উপজেলার সুবলকাটি গ্রামের মনসুর আলী বিশ^াসের ছেলে ইসরাফিল হোসেন (১৯),
একই উপজেলার করেরাইল গ্রামের শামীম মোল্লার ছেলে সজিব মোল্লা (১৯), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুমন হোসেন (১৯) ও বারপাড়া গ্রামের বাবুল গাজীর ছেলে মঈন উদ্দিন (১৯)। ঘটনার দিন সকালে নিহত মাসুদের ভাই জিয়াউর রহমান অভিযোগ করেন, মধ্যরাতে স্থানীয় বাবু, মুরাদ, শিমুল, রাজু, পিন্টু, আফসারসহ অজ্ঞাত কয়েক যুবক দেশিয় অস্ত্র সহকারে জুলফিক্কারের বাড়িতে হামলা চালায় এবং মারপিট শুরু করে। এক পর্যায়ে তার ভাইসহ ঘরের মধ্যে থাকা সকলকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে।
এরপর ডাকাত ডাকাত চিৎকার করে পেটাতে শুরু করে। পরে গ্রামবাসী ছুটে এসেও মারপিট করে। গুরুতর অবস্থায় ছয়জনকে অভয়নগরের বনগ্রাম কাটাখালি মোড়ে এনে ফেলে রাখে। ওরা মাসুদ রানাকে পরিকল্পিতভাবে হত্যা করে ডাকাত নাটক সাজিয়েছে। এ হত্যাকান্ডের বিচার দাবি করেন তিনি। এদিকে ঘটনার পরের দিন নিহত মাসুদের মা খাদিজা বেগম (৫৫) থানায় মামলা করেন। পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত ঘোষণা দিয়ে মাসুদ রানাকে হত্যা এবং আরো ৫ জনকে জখমের অভিযোগ করেন তিনি।
কোতোয়ালি থানায় দেয়া মামলায় ৬ জনকে অভিযুক্ত করা হয়। আসামি করা হয় গাইদগাছি তেরঘর, ফুলবাড়ি গ্রামের আবুল হাসানের ছেলে বাবু (৩৫), প্রেমবাগ বনগ্রামের আজিজুর রহমান আইজের ছেলে মুরাদ হোসেন (৩২), প্রেমবাগ কাটাখাল পশ্চিমপাড়ার হাফিজুর রহমানের ছেলে শিমুল হোসেন শান্ত (২৫), শওকত আলী মোল্লার ছেলে আল-আমিন (২৭), প্রেমবাগ গ্রামের আলী আকবরের ছেলে রাজু (২৮) ও গাইদগাছি দক্ষিণপাড়ার নুরুল ইসলাম নুরুর ছেলে পিন্টু (৩২)। ওই আসামিদের মধ্যে শান্তকে আটক করে আদালতে চালান দেয় পুলিশ। কিন্তু বাকি আসামিরা আটক এড়িয়ে চলছে।
আবার ডাকাত ঘোষণা করার নেপথ্য নায়ক কে সে ব্যাপারেও পরিস্কার হয়নি স্থানীয়রা কিংবা পুলিশ। এ ঘটনার নেপথ্যে কারা বা কে আছে তা পরিস্কার করতে এলাকায় জোরালো অভিযান দাবি করেছেন নিহতের স্বজনেরা।
এদিকে, নিহতের মা খাদিজা বেগমের দাবি, তার ছেলে মাসুদ রানা কাঠের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। অভয়নগরের প্রেমবাগ সুপারি বাগান জামে মসজিদের গ্রিল চুরি করাকে কেন্দ্র করে তার ছেলে মাসুদ রানার পরিচিত গাইদগাছি গ্রামের শ্বশুর বাড়িতে বসবাসকারী জুলফিকারকে দোষারোপ করে। এ নিয়ে তাদের দুইজনের সাথে অভিযুক্তদের বিরোধ সৃষ্টি হয়।
এক পর্যায়ে জুলফিকারকে তার শ্বশুরবাড়িতে যেতে বাধা দেয় আসামিরা। গত ২৩ আগস্ট জুলফিকার তাদের বাড়িতে আসে। এখানে খাওয়া শেষ করে তার ছেলে মাসুদ রানা, মণিরামপুর উপজেলার সুবোলকাঠি গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন (১৯),
করেরাইল গ্রামের শামীমের ছেলে সজিব মোল্লা (১৯), আলমগীর হোসেনের ছেলে সুমন হোসেন (১৯) এবং বারপাড়া গ্রামের বাবুল গাজীর ছেলে মঈন উদ্দিন (১৯) একসাথে ওই রাতে গাইদগাছি গ্রামে যায়। এসময় তাদের ডাকাত আখ্যা দিয়ে ওই হতাহতের ঘটনা ঘটানো হয়। তিনি দ্রুত ঘটনায় জড়িতদের ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এদিকে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়ার নেপথ্যে কে ছিল তাকে খুঁজে বের করার দাবি স্থানীয়দের।

Leave a Reply