যশোর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে শীর্ষ পদে প্রার্থী সংকটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই ফোরামের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংকটে নিজেরাই নিজেদের প্রতি বিশ্বাস হারাচ্ছেন। প্রার্থী করার পর ফোরামের নেতাকর্মীরা বেঈমানি করতে পারে এমন আশঙ্কা করছেন সিনিয়র নেতারা। এ কারণে নির্বাচন করতে রাজি হচ্ছেন তারা। এসব বিষয়ে বৃহস্পতিবার জরুরি সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সভায় উপস্থিত চার তৃতীয়াংশ সদস্য তাদের বক্তৃতায় বহিষ্কৃত সভাপতি আবু মোর্তজা ছোটকে ফোরামে ফিরিয়ে আনার দাবি জানান। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন নির্বাচন নিয়ে সিনিয়র সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, ফোরাম এখন বেহাল অবস্থায় রয়েছে। শুধুমাত্র নির্বাচন এলেই সভার আয়োজন করা হয়। নির্বাচন শেষ তো ফোরামের কাজও শেষ। সাংগঠনিক কর্মসূচি পালনে নেতাকর্মীদের দেখা পাওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
আসন্ন নির্বাচনে প্রার্থী নির্ধারণের আলোচনায় সভাপতি পদে নজরুল ইসলামকে প্রার্থী হতে অধিকাংশ সদস্য প্রস্তাব করেন। এর বাইরে আব্দুল মোহায়মেন ও মঈনুল হক ময়নাকে সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব করেন কেউ কেউ। কিন্তু সভাপতি পদে প্রার্থী হতে তারা সকলেই অনিচ্ছুক বলে সভায় জানিয়ে দেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে অনানুষ্ঠানিক ভাবে গোলাম মোস্তফা মন্টুকে সমর্থন দেয়া হয়েছে শোনা গেলেও সভায় তেমন তার বিষয়ে কথা বলেনি। অধিকাংশ বক্তা আবু মোর্তজা ছোটর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী করার সুপারিশ করেন।
যদিও হাতেগোনা কয়েকজন ছোটর কর্মকান্ডের কঠোর সমালোচনা করে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার না করার দাবি জানান। এসব বক্তা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গ্রেনেড হামলা দিবসে মো.ইসহক ও আবু মোর্তজা ছোটর অংশগ্রহণের ব্যাপক সমালোচনা করেন।
সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জাফর সাদিক, আব্দুল মোহায়মেন, মো. ইসহক, এমএ গফুর, রুহুল কুদ্দুস কচি, মঞ্জুরুল মাহমুদ লিটু, আ.স.ম ইনামুজ্জামান, মাহমুদা খানম, লতিফুর রহমান খোকন, মোস্তফা কামাল মিঠু, সাদেকা খাতুন বিল্লু,
আলাবুদ্দিন খান, আরিফুর রহমান শান্তি, কাজী সেলিম রেজা ময়না, মাহবুবুর রহমান, মঈনুল হক ময়না, নুর আলম পান্নু, একেএম আকরাম হোসেন, গাজী মহিদুল ইসলাম, জুলফিকার আলী জুলু, এসএম আব্দুর রাজ্জাক ও কাজী মশরুর মুর্শিদ বাপী।
সভাপতির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, তাদের এসব আলোচনার বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে অবগত করবেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। সভা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আমিনুর রহমান।

Leave a Reply