যশোর শহরের খড়কিতে ওএমএস-এর চাল ও আটা জোরপূর্বক নিতে বাধা দেয়ায় মহিলা যুবলীগ নেত্রীসহ দু’জনকে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, খড়কি বামনপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক শাহিনা আক্তার (২৫) ও কারবালা এলাকার শামীম খানের ছেলে সাদমান খান শিশির (২২)।
আহত শাহিনা আক্তার জানান, প্রায় দিন খড়কি কেন্দ্রে ওএমএস-এর চাল ও আটা বিতরণের সময় স্থানীয় সন্ত্রাসী মুস্তাক কয়েকজনের জন্য নির্ধারিত পণ্য জোর করে একাই নিয়ে যায়। রোববারও দরিদ্রদের মধ্যে ওএমএস-এর চাল-আটা বিতরণের সময় মুস্তাকের নেতৃত্বে টিটো, কালু, হিল্লোল, শাহ আলম, মিন্টু, মাজেদ, সিরাজুল ও সাকলাইন জোরপূর্বক তাদের চাহিদা মতো চাল-আটা নেওয়ার চেষ্টা করে। তখন শাহিনা আক্তার বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। তখন শিশির বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত শাহিনা আরও জানান, সম্প্রতি খড়কি এলাকায় ইরফান হত্যা মামলার প্রধান সাক্ষী তিনি। ওই খুনের সাথে মুস্তাক গং জড়িত। মূলত তাকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয় বলে দাবি শাহিনার।
Leave a Reply