যশোর ইনস্টিটিউটের উন্নয়নে প্রায় ১৭ বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫০ লাখ টাকা অনুদান দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার ১৫ আগস্ট যশোর ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন,
বিএনপি সরকারের সময় তারেক রহমান যশোর সফরে এসে ইনস্টিটিউটের কার্যক্রম আরও সমৃদ্ধ ও আধুনিক করতে নিয়মিত বই কেনা এবং প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহের জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায় থাকা ওই ঘোষণা অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন ধরনের বই সংগ্রহের পাশাপাশি পাঠবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
যাতে শিশুরা বই পড়ার মাধ্যমে জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। একই সঙ্গে অভিভাবকরাও সন্তানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বই পড়ার সুযোগ পান।
প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর ইনস্টিটিউটকে শিশু, অভিভাবক ও সাধারণ পাঠকদের জন্য একটি প্রাণবন্ত জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বইমেলায় এসে বই পড়া ও কেনার আহ্বান জানান।
উল্লেখ্য, যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply