যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলার চৌগাছা, মনিরামপুর ও সদর উপজেলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
চৌগাছার পুড়াপাড়া এলাকায় সকাল ১০টার দিকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মাহাবুর রহমান (৪৫) গুরুতর আহত হন। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছার দানবক্স এলাকায় অজ্ঞাতনামা ট্রাকের চাপায় মরিয়ম (২৪) নামে এক নারী মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান হাত কেটে জখম হয়েছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাত সোয়া ১০টার দিকে শহরের ঢাকা রোড কাঁঠালতলা মোড়ে রিকশা থেকে পড়ে মোশাররফ (৬০) নামে এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply