যশোরের বাঘারপাড়ায় একই সময় একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় ইকরাম মোল্যার পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো,জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমান ও কাকলি বেগমের মেয়ে ফাহিমা আক্তার (১০), নিছার আলী ও মিনা খাতুনের মেয়ে লামিয়া আক্তার (১৩) এবং একই দম্পতির আরেক মেয়ে সুলতানা খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিন শিশুকেই পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
এর পর স্বজনেরা তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয় এবং কর্তব্য রত চিকিৎসক সকল পরিক্ষার পর মৃত বলে ঘোষনা দেন।
একই সময় একই পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই বোন লামিয়া ও সুলতানার মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। একই ঘটনায় ফাহিমার মৃত্যুতে তার পরিবারেও চলছে কান্নার রোল।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, একই পুকুরে একই সময়ে গোসল করতে গিয়ে তিন শিশুর প্রাণহানির ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। তিন শিশুর আকস্মিক মৃত্যুতে জামদিয়া ইউনিয়নজুড়ে শোকের আবহ বিরাজ করছে।



Leave a Reply